দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার মখলেছুর রহমানের ছেলে এবং পেশায় একজন বেকারী ব্যবসায়ী ছিলেন।আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) ভোর ৬টার দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত জহুরুল ইসলামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি জরুরি কাজের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর পিপিএম এবং সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানানো হয়েছে।