মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ওভারপাস এলাকার কাছে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্র জানায়,শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ মোকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলে ছিলেন। রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মহাসড়কের ফুটওভার ব্রিজের সামনে ছিনতাই হচ্ছে। পরে পুলিশ টহলটিম ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে ধরতে সক্ষম হয় পুলিশ; অপরজন অন্ধকারে পালিয়ে যায়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ এরশাদুল ইসলাম (৪২), পিতা মৃত রেহেল উদ্দিন, সাং রহিমাবাদ উত্তরপাড়া, থানাঃ শাহজাহানপুর, বগুড়া।পালিয়ে যাওয়া আরেকজনের নাম মোঃ আব্দুল জলিল, ঠিকানা অজ্ঞাত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির ডান হাতে থাকা রক্তমাখা ধারালো হাসুয়া/দা (কাঠের বাটসহ আনুমানিক ২০ ইঞ্চি) এবং একটি বাটন আইটেল মোবাইল ফোন জব্দ করা হয়।ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও ট্রাকচালক-হেলপারের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয়।গুরুতর আহত ভিকটিম ট্রাকচালক মোঃ রাজু মিয়া (২৯) এবং হেলপার মোঃ সুমন (১৮)পুলিশকে জানান, রাত ২টা ৪০ মিনিটের দিকে তারা ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫২৯২) রাস্তার পাশে সাইড করে প্রসাব করতে নামেন। তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা মোবাইল ছিনিয়ে নিতে গেলে তারা বাধা দেন।এ সময় এরশাদুল ইসলামের ধারালো দা হামলায় হেলপার সুমন এবং জলিলের হামলায় চালক রাজু শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। পরে জলিল চালকের শার্টের পকেট থেকে নগদ ২,০০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।