স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলী উপজেলার বহুল আলোচিত ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলার রায় দীর্ঘ আট বছর পর ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর)বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক মোঃ শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।রায়ে তিনজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনঃ ১. বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ (২৮) ২. মানিক (২৮) ৩.মনিরুজ্জামান ওরফে মিশু (২৭)।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরাঃ ১.পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০) ২.দেলোয়ার হোসেন দুলু (৫৮) ৩.আশিক (২৮) রায়ে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানারও আদেশ দিয়েছেন আদালত।সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক রয়েছেন। এছাড়া দুইজন অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে এবং আরেক আসামি শান্ত সাকিদার খালাস পেয়েছেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তোজাম্মেল হকের ছোট ভাই বাদী হয়ে গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিদের কারণে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছে। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে।