মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সংঘবদ্ধ দুর্বৃত্তদের আকস্মিক আক্রমণ—লুটে নেওয়া হয় তিন লাখ টাকা ও মোবাইল ফোন; এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ফেনীর সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় গত রবিবার গভীর রাতে স্থানীয় মুদি ব্যবসায়ী মো. বাকেরের ওপর সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভয়াবহ হামলা চালিয়েছে। রাত আনুমানিক ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রিকশা থেকে নামার মুহূর্তেই তাকে ঘিরে ধরে দুর্বৃত্তরা বেধড়ক পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। হামলাকারীরা তার কাছে থাকা ব্যবসার তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভয়াল এ হামলার পর এলাকায় নেমে এসেছে চরম আতঙ্ক ও উদ্বেগ।প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বাসার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৫-৬ জনের একদল যুবক হঠাৎ করে বাকেরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনো সুযোগ না দিয়েই তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। মারাত্মক আঘাতে বাকের মাটিতে লুটিয়ে পড়লেও দুর্বৃত্তরা নির্দয়ভাবে আক্রমণ চালিয়ে যায়। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, মাথা, মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কারণে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।আহতের ভাই এসআই বাবুল সওদাগর ঘটনার নৃশংসতা বর্ণনা করে বলেন,আমার ভাই নিয়মিত দোকানের টাকা নিয়ে প্রতিদিন রাতেই বাড়ি ফেরে। এমন বর্বরোচিত হামলার কথা কেউ কল্পনাও করতে পারেনি। তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত। আমরা চিকিৎসা নিয়ে এতটাই ব্যস্ত যে মামলা করার সুযোগ পাইনি। খুব শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,আমরা ঘটনার পরপরই তদন্ত শুরু করেছি। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে আমরা ইতোমধ্যে অনুসন্ধান চালাচ্ছি।ঘটনার পর লেমুয়া এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি মাস্টার পাড়া এলাকায় চোর-ছিনতাইকারীদের তৎপরতা বাড়লেও কার্যকর কোনো নিরাপত্তা জোরদার হয়নি। রাতের বেলায় টহল বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।এ ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম বলেন,এ ধরনের নির্মম হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।মো. বাকেরের পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।