মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত হঠাৎ এসে স্মৃতিস্তম্ভের ভেতরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়দের ধারণা।রাতের নীরবতা ভেঙ্গে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।রবিবার সকাল থেকে ঘটনাস্থলে ভিড় করেন সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন নাগরিকরা।তাঁদের অভিযোগ, শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভে এমন বর্বরোচিত হামলা পরিকল্পিত হতে পারে।স্থানীয় বাসিন্দারা বলেন,স্মৃতিস্তম্ভের কাছাকাছি বিভিন্ন দোকান, বাড়ি ও সড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে।সেসব ফুটেজ পর্যালোচনা করলে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করা কঠিন হবে না।তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার বিকেল ৫টায় ‘জুলাই যোদ্ধাদার’ ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শুরু হয়ে মডেল থানা মোড়, ফেনী বড় মসজিদ এলাকা ঘুরে পুনরায় স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ।তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন।বক্তারা বলেন, শহীদের স্মৃতিস্তম্ভ জাতির ইতিহাসের অংশ। এ ধরনের আঘাত শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এটি দেশের জন্য আত্মত্যাগ করা মানুষদের প্রতি চরম অবমাননা।তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।এদিকে পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিসংযোগের ধরন ও সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।ফেনীর সাধারণ মানুষের দাবি,এ ঘটনার দ্রুত বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।