মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫ইং কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে বোরো মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। একই সঙ্গে আরও ১,২০০ জন কৃষকের হাতে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নত মানের বীজ ব্যবহারে উৎসাহ প্রদান এবং বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিতে সরকারের ধারাবাহিক সহায়তা ভবিষ্যতে আরও উন্নত কৃষি উৎপাদনে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।