মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মরদেহ বাড়ির পাশের একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শাফিয়া উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলী পচার স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শাফিয়া বেগম পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।
পরদিন সকালে ধোঁপার কুড়া নামক বিলে স্থানীয়রা বিলের পাড়ে ওই নারীর ব্যবহৃত জুতা দেখতে পান। পরে এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা ৬টার দিকে বিলের কচুরিপানার নিচ থেকে শাফিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।