মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন বাবা-মায়েদের দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক টেকসই শিখনমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ফুলবাড়ী মডেল মসজিদের দ্বিতীয় তলার হলরুমে এ কর্মশালার আয়োজন করে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট। কর্মশালায় কারিগরি সহায়তা ও অর্থায়ন প্রদান করে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৩০ জন চ্যাম্পিয়ন বাবা-মা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ও পারিবারিক বাধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, মুক্ত আলোচনা এবং কর্ম-পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতন বাবা-মাই পারে তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে।এসময় বক্তব্য রাখেন সিএনবি প্রজেক্টের ফাইন্যান্স কো-অর্ডিনেটর মঞ্জুরুল ইসলাম,এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,চ্যানেল এস" ও দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর রণজিৎ রায়, আফরোজা হ্যাপী, জাহিদুল ইসলাম জাহিদ সহ সংশ্লিষ্টরা।সবশেষে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন বাবা-মায়েদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।