আছকির উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমজনিত বিরোধের জেরে মুক্তার মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুক্তার মিয়া একই ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে পূর্বে সংঘর্ষ ও মামলাও হয়েছিল।বৃহস্পতিবার দুপুরে মুক্তার মিয়া অটোরিকশা নিয়ে কচুয়ার দিকে যাওয়ার সময় রাস্তার ওপর মেয়ের বড় ভাই শাহ আলমের নেতৃত্বে ১০–১৫ জন তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।