মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা, কাঁচামাল, লেবেলিং ও পণ্যের মান যাচাই করা হয়। বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা ওজনে কম দেওয়া, ভেজাল উপকরণ ব্যবহারের আলামত, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ পান। এছাড়া লাইসেন্স ছাড়াই তিন ধরনের পণ্য উৎপাদনের তথ্যও নিশ্চিত করা হয়।
পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম পাওয়া যাওয়ায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়াই ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উপজেলার জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এই অভিযানকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়েছে এবং ভেজাল অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।