প্রভাতী প্রতিবেদন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে তা অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন (বিএনএ) জেলা শাখা।বুধবার সকালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট (এনটিআই) চত্বর থেকে নার্সরা একটি বিক্ষোভ র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়। সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত উন্নয়নকে হুমকির মুখে ফেলবে। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।কর্মসূচিতে বিএনএ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সরা অংশ নেন।