ইফতেখারুল ইসলাম ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাবনা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দু’জনই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইফতেখারুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ঘাটপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়।দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিব ছাড়াও গাড়ির চালক এবং শিমুল বিশ্বাসের সহকারী এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।আহত হাবিবের ভাই বিপুল হোসেন বুদু বলেন,আল্লাহর অশেষ রহমতে হাবিব ভাই ও শিমুল ভাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সবার কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।বর্তমানে দু'জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।