নোয়াখালী সোনাইমুড়ী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে চার লেন মহাসড়কে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১)–এর ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।একই দুর্ঘটনায় তার সঙ্গী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়ে পা ভেঙে ফেলেন।শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং আহত হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী এলাকার জাহিদুল হকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রাৎক্ষণাৎ বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ দুজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়।দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান,বিজয়ের ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।আরেক আহত তরুণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।