মোকলেছুর রহমান নীলফামারী
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ ইয়াছিন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ, মাওলানা ছদর উদ্দিন, আব্দুল হালিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা মোট ৫ দফা দাবি উপস্থাপন করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক মন্তব্য প্রদান করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে না হলে তা গ্রহণযোগ্য হবে না।
অতীতের খুন, গুম ও হত্যা ঘটনাসমূহের দৃশ্যমান ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে।জনগণের মতামত যাচাইয়ে গণভোটের আয়োজন করতে হবে।
বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায়ভিত্তিক সংবিধান ও দ্রুত বিচারব্যবস্থা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জনআস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান—উল্লেখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা নিশ্চিত করতে হবে। শেষে জেলা সেক্রেটারির পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।