নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাহর বিডি-এর অর্থায়নে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করছে গুড সিফার্ড ট্রাস্ট (GST)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর, নওগাঁ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠান মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আঃ লতিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি বলেন, “ছাগল পালন গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এটি যেমন দুধ, মাংস ও বাচ্চার মাধ্যমে আয় বাড়ায়, তেমনি পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ করে।” তিনি উপকারভোগীদের ছাগল পরিচর্যা ও সঠিকভাবে লালন-পালনের জন্য কিছু দিকনির্দেশনাও প্রদান করেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দ্বিজেন্দ্রনাথ দাস, গুড সিফার্ড ট্রাস্টের চেয়ারম্যান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র দাস, এলসিসি সভাপতি। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে এলাকার অসহায় পরিবারগুলো সামান্য উদ্যোগ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। ছাগল একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হয়ে ভবিষ্যতে তাদের দারিদ্র্য ঘোচাতে সাহায্য করবে।”এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেওয়ার সময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা ছাগলগুলোর যথাযথ পরিচর্যা করবেন।উপকারভোগী পরিবারের সদস্যরা জানান, এই ছাগল তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি ছাগল থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে তা সম্পদে পরিণত হবে। এভাবে পরিবারগুলো ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরণের কর্মসূচি যদি নিয়মিতভাবে পরিচালিত হয় তবে সমাজে দারিদ্র্য হ্রাস পাবে এবং উপকারভোগীরা সচ্ছল জীবনের পথে অগ্রসর হবে।