অভিজিত শীল নাচোল উপজেলা
চাঁপাইনবাবগঞ্জ: বিপ্লবী ও সংগ্রামী নেত্রী ইলা মিত্রের শতবার্ষিকী জন্মদিবস পালনের জন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর তার জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (আজ) সকাল দশটায় নাচোল উপজেলার রাওতাল অর্থাৎ ইলামিত্র সংগ্রহশালায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধানচন্দ্র সিং ও সাধারণ সম্পাদক এমকে জিলানী সাংবাদিক ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় প্রতিনিধিরা। তারা ইলা মিত্রের জীবন, তেভাগা আন্দোলন এবং তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ইলা মিত্র শুধু এই অঞ্চলের নন, তিনি সমগ্র বাংলার শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করার ওপর জোর দেন তারা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জন্মদিবস উপলক্ষে ইলামিত্র সংগ্রহশালায় একটি স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করা হবে। একই সাথে ইলা মিত্রের জীবনীর ওপর আলোকপাত করে একটি তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও, তার স্মৃতিতে স্থানীয় একটি পাঠাগারে বিশেষ বইয়ের সংগ্রহ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিধানচন্দ্র সিং বলেন, "ইলা মিত্র আমাদের অঞ্চলের গর্ব। তেভাগা আন্দোলনের মাধ্যমে তিনি কৃষকদের যে অধিকারের স্বপ্ন দেখিয়েছিলেন, তা আজও আমাদের কাছে অনুপ্রেরণার উৎস।"
তিনি আরও বলেন, "তার জীবন ও সংগ্রাম আমাদের স্থানীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আয়োজনের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তার সংগ্রামী চেতনাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখব।"
এই উদ্যোগের মধ্য দিয়ে ইলা মিত্রের অবদানকে স্মরণ এবং তার আদর্শকে স্থানীয় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।