এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এ বাক্যটি বাংলাদেশে হাজারবার উচ্চারিত হলেও বাস্তবে শিক্ষা খাত বিশেষ করে নন-এমপিও প্রতিষ্ঠান নিয়ে সরকারের অবস্থান গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শিক্ষক-কর্মচারী বছরের পর বছর বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন, অথচ তাদের ন্যায্য দাবি এখনও সরকারের কানে পৌঁছাতে পারেনি। অনেকের মতে, বাংলাদেশের সরকারব্যবস্থা যেন তার নিজস্ব বিবেক,দায়িত্ববোধ ও মানবিকতাকে মোহর মেরে রেখেছে।নন-এমপিও শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান করেন, স্কুল-কলেজ চালু রাখেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলেন কিন্তু তাদের শ্রমের মূল্যায়ন হয় না।চাকরি আছে, কিন্তু বেতন নেই এমন পরিস্থিতি পৃথিবীর আধুনিক সভ্যতায় বিরল। কোনো নিরাপত্তা নেই, নেই চিকিৎসা সুবিধা, নেই পরিবার চালানোর নিশ্চয়তা।অথচ একই ধরনের দায়িত্ব পালন করলেও এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সুবিধা ও স্বীকৃতি পান, আর নন-এমপিওরা পান উপেক্ষা।সরকারের এই বৈষম্যমূলক আচরণ শুধু মানবিকতার বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রীয় নীতি ও সংবিধানের সমতার নীতিরও লঙ্ঘন।বারবার আন্দোলন, গণঅনশন, স্মারকলিপি, মানববন্ধন কিছুই যেন রাষ্ট্রের কানে পৌঁছায় না।অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন আন্দোলনরত অবস্থায়, অনেকে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে ডুবে আছেন।প্রশ্ন হচ্ছে, যদি একটি দেশে শিক্ষকরা অবহেলিত থাকেন তাহলে সে দেশ কিভাবে উন্নত হবে? জাতির ভবিষ্যৎ নির্মাতা যখন দুঃখ-কষ্টে জীবন কাটান, তখন সেই জাতির মানসিকতা,এশিক্ষা ও নৈতিকতা কীভাবে শক্তিশালী হবে?সরকার যখন আইন, প্রকল্প ও সুবিধা দেয় তখন অনেক সময় দেখা যায় রাজনৈতিক বিবেচনা, পৃষ্ঠপোষকতা কিংবা স্বার্থই অগ্রাধিকার পায় কিন্তু বাস্তব সমস্যা, প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষা খাত থাকে উপেক্ষিত।এ কারণেই বলা হয় সরকার তার অনুভূতিকে, মানবিক বিবেককে এবং দায়িত্ববোধকে মোহর মেরে রেখেছে।কিন্তু প্রশ্ন হলো—এই নীরবতা কতদিন?যে শিক্ষকরা নিজের পেটের ক্ষুধা ভুলে শিক্ষার্থীদের বই তুলে দেন, তাদের প্রতিটা চোখের জল, প্রতিটা দীর্ঘশ্বাস এই রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার দাবি করে।রাষ্ট্র যদি শিক্ষককে সম্মান না দেয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকেও সম্মান পাওয়ার অধিকার হারায়। তাই সময় এসেছে—নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার,তাদের জীবনমান উন্নয়ন করার এবং তাদের শ্রমের মূল্যায়ন করার।কারণ যে জাতি তার শিক্ষককে উপেক্ষা করে, সেই জাতির উন্নতি কখনও টেকসই হতে পারে না।