সুমন রায় সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পরিবর্তন এসেছে। নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। ১ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
ফারাহ ফাতেহা তাকমিলা বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। নারায়ণগঞ্জে শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বে থাকা এই কর্মকর্তা ২০২৪ সালের শেষ দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পদায়িত হয়ে এখানে যোগ দেন।
এর আগে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন (আগস্ট ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত)। সেখানে জনসেবামূলক কাজের জন্য তিনি প্রশংসিত হন। কর্মজীবনের শুরুতে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।