অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭২ হাজার ৩৮৮ জন রোগী সুস্থ হয়ে ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৬ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩০৭ জনের।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়া স্বাভাবিক হলেও এবার দীর্ঘস্থায়ী আবহাওয়া পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং সচেতনতার অভাবেই রোগটি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।তাদের পরামর্শ গৃহস্থালি ও আশপাশের পরিবেশে পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখা, ফুলের টব ও ড্রেনের পানি শুকিয়ে ফেলা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।