টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হয়ে যাওয়া সেই ভ্যানটি পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এতে ভ্যানচালক হাফিজ শেখ তাদের পরিবারের জীবিকার একমাত্র অবলম্বনটি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে হাফিজ শেখের পরিবার। চুরির ঘটনায় বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের আশব শেখের ছেলে আলিম শেখ জড়িত ছিলো বলে জানিয়েছে পুলিশ।গত ২১ অক্টোবর সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। ওই ঘটনার পর ভ্যানচালক হাফিজ শেখ কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায় অবস্থার কথা জানান। যা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তখন পুলিশ ও ভুক্তভোগীর পরিবার ভ্যানটি উদ্ধারে তৎপর হয়ে ওঠে। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের সনাক্ত করে পুলিশ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানটি ফেরত পায় হাফিজ শেখ।এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,“সংবাদ প্রকাশের পর চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। তখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজন চোরকে সনাক্ত করা হয়। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যর সাথে যোগাযোগ করে ভ্যানটির খোঁজ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হওয়া ভ্যানটি ফেরত পায় চালক হাফিজ শেখ। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।ভ্যানটি ফিরে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হাফিজ শেখ বলেন, ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হতো তাই দিয়ে চলতো চার ছেলেমেয়ে সহ ছয় জনের সংসার। মাত্র ৪ টি কিস্তি দেয়ার পর সেই ভ্যানটি চুরি হয়ে যায়। তখন মানসিকভাবে সম্পূর্ন ভেঙে পড়েছিলাম। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের সহযোগিতায় ভ্যানটি ফিরে পেয়েছি। তাই গণমাধ্যম ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা।