মোঃ আব্দুল জলিল পাশা
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে জামায়াত সমর্থিত চারজন এবং বিএনপি সমর্থিত তিনজনসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ছিল উৎসবমুখর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটগ্রহণ চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সকলেই জানান, নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ।ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত তিনজন এবং জামায়াত সমর্থিত একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।নির্বাচনের প্রধান প্রিজাইডিং অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা বলেন, “পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল প্রার্থী, পোলিং এজেন্ট এবং ভোটারদের ধন্যবাদ জানাই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য। জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্যদের প্রতি সকলের প্রত্যাশা—তারা শিক্ষা উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন।