প্রভাতী প্রতিবেদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানের চেয়ে তিন গুণ বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। একইসঙ্গে তিনি গুমের শিকার হওয়া ব্যক্তিদের ইনসাফ নিয়ে কোনো আপস না করার এবং সেনাবাহিনী বিচারের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর সেনাবাহিনী মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ‘জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি আরও যোগ করেন যে, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি পাবে। জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
গুমের ইনসাফ নিয়ে আপস নয়, সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা গুমের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার নিয়ে কোনো আপস করা হবে না জানিয়ে মো. হাকিমুজ্জামান বলেন, সরকার কর্তৃক গঠিত গুম কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। তিনি একদম স্পষ্টভাবে বলেন, ‘সেনাবাহিনী বিচারের পক্ষে। যেটা বিচার হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না।’
অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার তথ্য, ১৫ জন হেফাজতে ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, ৩টি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন অবসরে রয়েছেন, এলপিআরএ আছেন একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন।
তিনি বলেন, গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মাদ ছাড়া বাকি ১৫ জন কর্মকর্তা এই নির্দেশনায় সাড়া দিয়েছেন। বর্তমানে তাদের হেফাজতে রাখা হয়েছে এবং তারা পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় আছেন।
মেজর জেনারেল কবীর আহাম্মাদের বিষয়ে মো. হাকিমুজ্জামান জানান, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।