মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. রফিক শেখ (৪৮) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকর কাঠি এলাকায় র্যাব-৫, রাজশাহী ও র্যাব-৬, সাতক্ষীরার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, হত্যাকারী, অপহরণকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
মামলার সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামের মোস্তফা শেখের সঙ্গে একই গ্রামের শামীম শেখ, রফিক শেখ, আব্দুল কুদ্দুস শেখ, শফিক শেখ, ফরহাদ শেখসহ তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও গত ২১ অক্টোবর দুপুরে মোস্তফা শেখ মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে এজাহারনামীয় ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ ২১/১০/২০২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০)। মামলার পরপরই রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান, এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁদের ঘরবাড়িতে লুটপাট চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৬ সাতক্ষীরা যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অবশেষে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর থানার শংকর কাঠি এলাকায় অভিযান চালিয়ে মো. রফিক শেখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।