মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ৫ সিপিসি ১ এর পৃথক দুটি অভিযানে মোট ১৪০ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার দিনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও সদর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ৫ সিপিসি ১ এর একটি দল দুপুরে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের বিরেশ্বরপুর উত্তরটলা গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেন আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি এলাকার বাসিন্দা এবং তার বয়স ৪৬ বছর।
অপরদিকে একই দিনে বিকেলে সদর থানার চর ইসলামপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। জনৈক সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পাশের ফাঁকা জায়গা থেকে দুই যুবককে আটক করে র্যাব সদস্যরা। তারা হলেন আসাদুল হক এবং সোহেল রানা। এই দুইজনের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা দুজনই নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত তিনজনকে উদ্ধারকৃত মাদকের সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।