মমিনুল ইসলাম মুন রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মাড়িয়া রোডে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এসআই নুরুল ইসলাম আমনুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এন. এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে আমনুরা-জুকারপাড়া সড়কে দুর্বৃত্তদের জড়ো হওয়ার খবর পায় পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে।খবর পেয়ে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় এক পুলিশ সদস্যকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছেই দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের চাপাতির কোপে এসআই নুরুল ইসলাম আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় এসআই নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অতিরিক্ত পুলিশ সুপার এন. এম. ওয়াসিম ফিরোজ আরও জানান, দুর্বৃত্তদের সংখ্যা ছিল ১০ থেকে ১২ জন। তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পথচারী রাকিব নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাকেও দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তিনিও বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।