দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পাঁচপীরতলা গ্রামে অভিমানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে আরাফাত (১২) নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আরাফাত বগুড়া জেলা সারিয়াকান্দি থানার ফুলবাড়ী পাঁচপীরতলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মতিউর রহমানের পুত্র এবং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাওয়া-দাওয়া শেষে স্কুলে যাওয়ার জন্য আরাফাতের মা তাকে বলেন। এ সময় আরাফাত মায়ের কাছে কিছু টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে স্কুলে না গিয়ে বাড়ির পূর্ব পাশে রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই (নি:) সমর চন্দ্র আচার্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।