আবদুল্লাহ আল-মামুন
কক্সবাজার জেলার চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার থানায় যোগদানের পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বে একের পর এক সফল অভিযান পরিচালনা করে পুলিশ নারী নির্যাতন, অবৈধ ভূমি দখল, মাদক ব্যবসা ও ডাকাতি দমনসহ নানা অপরাধ প্রতিরোধে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।
ওসি তৌহিদুল আনোয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই চকরিয়াকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। তাঁর নির্দেশে থানার সকল কর্মকর্তা ও সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন। বিশেষ করে ডাকাত দমন অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ জনগণের মনে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে।
এলাকার সুশীল সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন ওসি তৌহিদুল আনোয়ারের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেছেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে চকরিয়া থানার কর্মকাণ্ডে এসেছে গতি ও স্বচ্ছতা, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “জনগণের আস্থা অর্জন করাই আমার সবচেয়ে বড় সাফল্য। আমি চাই চকরিয়া এমন একটি থানা হোক, যেখানে জনগণ নিরাপদ ও ন্যায়বিচারের নিশ্চয়তা পায়। চকরিয়া উপজেলার সাধারণ মানুষও আশা প্রকাশ করেছেন- ওসি তৌহিদুল আনোয়ারের এই ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকলে এলাকা আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।