প্রভাতী প্রতিবেদন
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর মৌজার আর.এস ১৫১৪ নং খতিয়ানের ১৯৬২/বি ৬৮ নং দাগের ৪৭ শতক জমি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এল.ও মামলা নং ১৬/৬৩ (১৯৫৪–৫৫) মূলে অধিগ্রহণ করে। উক্ত জমি ১৯৬৪ সালে আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি মাদ্রাসার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, এতদিন পর্যন্ত উক্ত সওজ অধিগ্রহণকৃত জমির কোন অংশ অন্য কারও নামে বিএস রেকর্ড হয়েছে— এমন তথ্য কারও জানা ছিল না। তবে সম্প্রতি মাদ্রাসা বন্ধকালীন সময়ে একজন ব্যক্তি বলপ্রয়োগ করে মাঠ দখল ও অবৈধ দেয়াল নির্মাণ শুরু করেছেন। অভিযোগ রয়েছে, উক্ত ব্যক্তির কিংবা তার মা-বাবার নামে ঐ জায়গার কোনো বিএস রেকর্ড নেই।তবে তার চার মামার নামে কৌশলে সওজ অধিগ্রহণকৃত কিছু অংশে বিএস খতিয়ান করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, উক্ত ব্যক্তি সাবেক আওয়ামী লীগ নেতা ও এমপি বাইট্টা জাফরের ঘনিষ্ঠ সহযোগী। অতীতে তিনি “রাতের বেলা ব্যালট বক্স ছিনতাই ও স্বহস্তে নৌকা মার্কায় সিল মারা” ঘটনার জন্য কুখ্যাত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নামধারী জামায়াত নেতা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন প্রভাবশালী নেতার সহযোগিতা ও মদদে মাঠ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।মাদ্রাসা ও কলেজ কর্তৃপক্ষসহ এলাকাবাসী অবৈধ দখল বন্ধে প্রশাসনের জরুরি আইনি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন।