মোহাম্মদ নজরুল ইসলাম খোকন
“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মহনা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোপায়ন দেব, চকরিয়া আমজাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মোঃ এনয়ামুল হক, এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, এবং পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। র্যালি ও আলোচনায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
শিক্ষকতা: একটি মহান ও সম্মানজনক পেশা শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা। শিক্ষক সমাজের আলোকবর্তিকা, যাঁরা অন্ধকার থেকে মানুষকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন।
তাঁরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবতা, শৃঙ্খলা ও জীবনের মূল্যবোধ শিখিয়ে দেন।
শিক্ষকতার মূল উদ্দেশ্য হলো একটি সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। একজন ভালো শিক্ষক তার শিক্ষার্থীর মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করেন, তাদের মননশীল করে তোলেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করেন।
বর্তমান যুগে প্রযুক্তি, বিজ্ঞান ও সমাজের দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষকতার ধরনও বদলে গেছে। এখন শিক্ষককে হতে হয় শুধু তথ্যদাতা নয়, বরং একজন পথপ্রদর্শক, অনুপ্রেরণাদাতা ও শিক্ষার্থীর সহযাত্রী।
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও সেবা। একজন প্রকৃত শিক্ষক সমাজ ও জাতির নির্মাতা। তাই শিক্ষকতাকে যথাযথ মর্যাদা দেওয়া আমাদের সবার কর্তব্য।