মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী) দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহীর গোদাগাড়ী থেকে অপহৃত সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারী মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে র্যাব-১ এর একটি দল অপহরণকারী হামিম (২২), পিতা—মোঃ তাজু শেখ এবং তার পিতা তাজু শেখ (৬৫), পিতা—মৃত আলেক, দু’জনকেই গ্রেফতার করে। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের বাসিন্দা।
ঘটনাসূত্রে জানা যায়, উদ্ধারকৃত ছাত্রী চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বিয়ের প্রলোভন ও কু-প্রস্তাবের মাধ্যমে অভিযুক্ত হামিম দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে একাধিকবার বাধা দেওয়া হলেও সে তা উপেক্ষা করে।
গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে চরআষাড়িয়াদহ ইউনিয়নের চায়পাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে হামিমসহ অন্যরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা গোদাগাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব প্রযুক্তি সহায়তায় ঢাকার দক্ষিণখান থেকে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করে ।