মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের আকস্মিক বদলিতে উপজেলাজুড়ে নেমেছে ব্যাপক হতাশা। মানবিক দৃষ্টিভঙ্গি, দুর্নীতি ও দখলদারিত্ববিরোধী অবস্থান, মাদক ও ভেজালবিরোধী কঠোর অভিযানসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মাত্র ৯ মাসে তিনি হয়ে উঠেছিলেন গোদাগাড়ীবাসীর আস্থার প্রতীক। তার বিদায়ের খবরে তিন দিনের ঘোষিত পিঠা উৎসবও একদিনেই ভেঙে পড়ে, স্টল মালিকরা নিরাশ হয়ে অনুষ্ঠান গুটিয়ে নেন।
গত ২৬ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ফয়সাল আহমেদকে বদলি করে নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুস সাদাত রত্নকে।
মাত্র ৯ মাসেই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ইউএনও
উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফয়সাল আহমেদ গোদাগাড়ীর গরীব, অসহায়, বিধবা, মুক্তিযোদ্ধা পরিবার, আদিবাসী, কৃষক, জেলে, শ্রমিক, ছাত্র—সবার কাছে হয়ে উঠেছিলেন সহজগম্য ও মানবিক প্রশাসক। তার অফিসে প্রবেশে কোনো বাধা ছিল না; সাধারণ মানুষ নির্বিঘ্নে তার কাছে সমস্যার কথা তুলে ধরতেন, আর তিনি দ্রুত সমাধানের উদ্যোগ নিতেন।
মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ রোধ, ভেজাল খাদ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে কঠোর অবস্থান, অবৈধ পুকুর খনন রোধ এসব কার্যক্রমে তিনি অল্প সময়েই ব্যাপক সাফল্য অর্জন করেন। উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি ঘটে।স্বল্প সময়ে তিনি গ্রহণ করেন একাধিক জনবান্ধব উদ্যোগদুই পৌরসভা ও ইউনিয়নজুড়ে ৯৯টি ক্রীড়া ক্লাব গঠন,খেলাধুলার সামগ্রী বিতরণ,শিশুদের জন্য মিনি শিশুপার্ক নির্মাণ,চর আষাড়িয়াদহবাসীর জন্য স্পিডবোট সুবিধা চালু,খাঁচায় মুরগি পালনের প্রশিক্ষণসহ বিনামূল্যে মুরগি বিতরণ,সেলাই, মালি, মুচি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মসূচি,পৌর এলাকায় সিসিটিভি স্থাপন,গণশুনানির মাধ্যমে বড় বড় বিরোধ নিষ্পত্তি,গোদাগাড়ী পৌরসভার শিক্ষাবৃত্তি প্রবর্তনের মধ্য দিয়ে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। একজন প্রশাসক হিসেবে নয়, বরং গোদাগাড়ীবাসীর কামলা" পরিচয় দিতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি। সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত অফিস করতেন।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাইসা ও মাফিয়া জানান, আমরা পৌরসভা চিনতামই না। স্যারের দেওয়া বৃত্তি পেয়ে কত খুশি হয়েছিলাম। স্যার চলে যাচ্ছেন শুনে খুব কষ্ট পেয়েছি।
সেলাই প্রশিক্ষণের মাষ্টার ট্রেনার শাহানারা বিশ্বাস বলেন, স্টলে আজ প্রচুর ভিড় হওয়ার কথা ছিল। কিন্তু স্যারের বদলির খবর ছড়িয়ে পড়তেই সবাই মন খারাপ করে চলে গেছে। তিন দিনের উৎসব একদিনেই শেষ হয়ে গেল।
বিধবা সুরভী, কুলসুম বেওয়া সহ বহু নারী জানান, সেলাই প্রশিক্ষণের সমাপ্তি আর ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল। তাদের প্রত্যাশা ছিল প্রশিক্ষণ শেষে মেশিন ও উপকরণ সরবরাহের উদ্যোগ বাস্তবায়ন হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন,
এই দেশে ভালো মানুষের জায়গা নেই। ১৭ বছরে কেউ যা করতে পারেনি, মানবিক ইউএনও তা মাত্র কয়েক মাসে করেছেন।খাসপুকুর সিন্ডিকেট, মাদক চক্র ও ভেজাল ব্যবসায়ীচক্র ছাড়া প্রায় সবাই তার বদলিতে হতাশ হয়েছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।বদলির বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ বলেন,আমরা সরকারি কর্মকর্তা। দেশের স্বার্থে সরকার যেখানে চাইবে, সেখানেই যেতে হবে। গোদাগাড়ীবাসীর ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। প্রশাসক হিসেবে নয়, কামলার মতো কাজ করেছি। যতদিন রিজিক ছিল, ততদিন ভালো কাজের চেষ্টা করেছি।পুনর্বহালের প্রত্যাশায় বুক বেঁধে আছেন স্থানীয়রা গোদাগাড়ীবাসীর একটাই দাবি এই মানবিক কর্মকর্তা যেন আরও কয়েক মাস দায়িত্ব পালন করার সুযোগ পান, যাতে চলমান উন্নয়নকাজ, প্রশিক্ষণ, শিক্ষাবৃত্তি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সুফল জনগণ পেতে পারে।স্থানীয়দের মতে, গোদাগাড়ীর উন্নয়নে ৯ মাসে তিনি যা করেছেন, ১৭ বছরেও তা কেউ করতে পারেনি।গোদাগাড়ী এখনো অপেক্ষায় হয়তো কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে বদলির আদেশ প্রত্যাহার করে তাদের অভিভাবকসুলভ এই কর্মকর্তাকে আরও কিছুদিন থাকার সুযোগ দেবে।