মোঃ রাজু (গোদাগাড়ী)
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে র্যাব-৫ এর সদস্যরা দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাকনহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে মেহেদী (৪০)।
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি ছদ্মবেশে কাকনহাট এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত মেহেদীকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়ার সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।