মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন শিরোনামের চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. কলিম (৩২) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। র্যাব-৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ীহাট এলাকায় অভিযান চালিয়ে কলিমকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, নিহত শিহাব শেখের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছর বয়সী এক নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়।
একই রাতে আনুমানিক রাত ৮টার দিকে তারা গোদাগাড়ী থানার গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে, আগে থেকে ওঁৎ পেতে থাকা এজাহারনামীয় ৮ জন ও আরও ৮/৯ জন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের ওপর হামলা চালায়। আসামিরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দিলেও হামলাকারীরা নির্মমভাবে পিটুনি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নৃশংস এই হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিহত শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এক পর্যায়ে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কলিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।