মমিনুল ইসলাম মুন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় রিসিকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) দল এবং দেওপাড়া ইউপি দল।
ফাইনালে রিসিকুল ইউপি দল ০-২ গোলের ব্যবধানে খেলায় এগিয়ে থাকে, অপরদিকে দেওপাড়া ইউপি দল ০-১ গোল করতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের খেলায় রিসিকুল ইউপি দল জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন,
প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই তরুণরা যাতে মাদকমুক্ত থাকে, পড়াশোনা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। ফুটবলের পাশাপাশি ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাও নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মৎস্য অফিসার অহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল হক রনকসহ স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম। সাংবাদিক সাইফুল ইসলাম, সারোয়ার সবুজ, শাহালাল ইসলাম, অলিউল্লাহ, জালাল হোসেনসহ আরও অনেকে মাঠে উপস্থিত ছিলেন।
উপজেলার ক্রীড়া চাঙ্গা করতে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মধারায় যুক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।#