বেলাল হোসেন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ উঠেছে, ১৫ মাস বয়সী শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে পুত্রবধূকে বাসা থেকে বের করে দিয়েছেন শ্বশুর-শাশুড়ি। ভুক্তভোগী মোছাঃ রোজিনা খাতুন বুজরুক পটানছার গ্রামের সাদুল্লাপুর গাইবান্ধ মোঃ নজরুল ইসলাম মেয়ে। রোজিনা খাতুনের স্বামী মোঃ জেনারুল কাজের সুবাদে প্রায় সময় বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগে শ্বশুর তারা মিয়া তার পুত্রবধূ রোজিনাকে আপত্তিকর কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেন রোজিনা। তিনি রাজি না হওয়ায় পারিবারিক কলহ শুরু হয়, যা পরে শারীরিক নির্যাতনে রূপ নেয়। রোজিনার অভিযোগ, তার শ্বশুর তারা মিয়া, শাশুড়ি, ননদ ও দেবর একযোগে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এমনকি তাদের পরিবারের আরেক পুত্রবধূও একই ধরনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সংসার ত্যাগ করেছেন বলেও জানা যায়। একাধিকবার নির্যাতনের পর রোজিনা খাতুন হাসপাতালে ভর্তি হন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা হলেও, প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় নির্যাতন চালানো হয়। সম্প্রতি গুরুতর নির্যাতনের পর ব্র্যাকের সহায়তায় বিষয়টি থানায় অভিযোগ দেন তিনি। তবে টাকার অভাবে মামলা চালিয়ে যেতে পারছেন না বলে জানান রোজিনা ও তার বাবা নজরুল ইসলাম, যিনি পেশায় ভাড়ায় অটোরিকশা চালক। তিনি আরও জানান, তাদের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন পার করছে। ঘটনার সত্যতা জানতে প্রতিবেদক তারা মিয়ার বাড়িতে গেলে দেখা যায়, ১৫ মাস বয়সী শিশুটি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তারা মিয়া বাধা দেন এবং তাদের বাড়ি থেকে বের করে দেন। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক এবং রোজিনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা হোক।