মোঃ সোহরাব হোসেন রাজু : ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আল্লাহ তাআ'লা ও রাসুলুল্লাহ (সাঃ)–কে অবমাননাকর ভাষায় কটুক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জুম্মার নামাজ শেষে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ছোট ছোট মিছিল নিয়ে মেইন বাসস্ট্যান্ডে সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগিত মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে এমন অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানো সবার দায়িত্ব বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।বক্তারা আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় আছে এবং অন্য ধর্মালম্বীদের প্রতি মুসলমানরা কখনওই কটুক্তি বা নির্যাতনে বিশ্বাসী নয়। কিন্তু কিছু ব্যক্তির দায়িত্বহীন মন্তব্য ধর্মীয় সম্প্রীতিকে ব্যাহত করছে বলে তারা অভিযোগ করেন।সমাবেশে উপস্থিত আন্দোলনকারীরা অভিযোগের প্রেক্ষিতে আবুল সরকারের ফাঁসির দাবি জানান। তারা আরও দাবি করেন, “আল্লাহর নামে কটুক্তি করা ব্যক্তির স্থান আল্লাহর জমিনে হওয়া উচিত নয়।” প্রতিবাদকারীদের কিছু অংশ আবুল সরকারের প্রদর্শিত ছবিতে জুতা মেরে প্রতীকী প্রতিবাদও জানান।
আয়োজকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।