বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে চার বছর আগে শুরু হওয়া একটি সেতুর নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। নির্ধারিত সময়ের মেয়াদ শেষ হয়ে গেলেও ঠিকাদার সংস্থা কাজ শেষ করেনি। ফলে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন।
স্থানীয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভাঙ্গামোড় ছড়ার ওপর ৪২ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৮৪ লাখ টাকা। ঠিকাদার হিসেবে কাজ পান কুড়িগ্রামের ঠিকাদার মোঃ রনি। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১৯ এপ্রিল কাজ শুরু হয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চার বছর পার হলেও সেতুর কাজ এখনো শেষ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই প্রান্তের সার্টার অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। কাঠ ও বাঁশের ঠেসে তা টিকিয়ে রাখা হয়েছে। অপরদিকে সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে ছড়া পারাপার করছেন নারী-পুরুষ ও শিশুরা। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা হাসেম আলী, এমদাদুল হক ও আনছার আলী জানান, ছড়ার এক পাশে তাদের বসতবাড়ি এবং অন্য পাশে চাষযোগ্য জমি। প্রতিদিনই জমিতে যেতে হয়। কিন্তু সেতু না থাকায় ছোট ভেলায় পারাপার করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। ধান-পাটের মৌসুমে ভোগান্তি চরমে ওঠে।
স্থানীয় স্কুল শিক্ষক আবু তালেব সরকার বলেন, “সেতু না থাকায় ভাঙ্গামোড় ও আশপাশের প্রায় বিশ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। আমরা দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, “মানুষের পারাপারের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় আমি ব্যক্তিগত উদ্যোগে ড্রামের ভেলা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু তা যথেষ্ট নয়। আমি বহুবার ঠিকাদারকে কাজ শেষ করতে বলেছি, কিন্তু তারা উল্টো অসৌজন্যমূলক আচরণ করেছে। এখন প্রতিদিনই মানুষ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছড়া পার হচ্ছে। ঠিকাদার মোঃ রনি-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি; তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, “আমি প্রায় দুই বছর আগে এই উপজেলায় যোগদান করেছি। যোগদানের পর থেকে সেতুর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছি। ঠিকাদারও আগ্রহী, তবে ছড়ার পানির গভীরতা ও মাটির অবস্থা কাজের বাধা সৃষ্টি করছে। আশা করি খুব শিগগিরই সেতুর কাজ সম্পন্ন হবে।”