হারাধন চক্রবর্তী
মীরসরাই উপজেলার কমরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা মজুমদার ও সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে সকাল থেকেই টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকাদান কার্যক্রম পরিচালনা করেন ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ নাইমুল ইসলাম ও পরিবার পরিকল্পনা সহকারী রোকেয়া বেগম। এ কর্মসূচি সুপারভিশন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আশরাফ উদ্দিন। টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন নিজামপুর সরকারি কলেজের রোভার স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ । দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি মোট ১৮ কার্যদিবস চলবে—প্রথম ১০ কর্মদিবস বিদ্যালয়ভিত্তিক এবং পরবর্তী ৮ কর্মদিবস নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এক ডোজ ইনজেক্টেবল টিকা শিশুদের শরীরে প্রয়োগ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টাইফয়েড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। কর্মসূচিতে সহায়তা করছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভি (Gavi)। প্রধান শিক্ষক শুক্লা মজুমদার বলেন,
টাইফয়েড জ্বরের চিকিৎসায় প্রচলিত অনেক অ্যান্টিবায়োটিক এখন কার্যকর নয়। ভয়াবহ ঔষধ-প্রতিরোধী টাইফয়েডের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, রোকেয়া বেগম ও আবদুল মন্নান প্রমুখ। তারা বলেন, এই টিকা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে এবং টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস পাবে