লেখকঃ মোঃ ইমন মোল্যা
সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।
যতদিন ছিলো হাঁড়িগুলো বড়
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।
পাশাপাশি বাড়ি-বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।
এ বাড়ির গাছে ফুল-ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।
এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো খেত ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।
আজকে সবার বড় বড় বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।
বড় বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।