অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইসলামপুর ঘাট সংলগ্ন মহানন্দা নদীতে। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে জড়ো হন হাজার হাজার দর্শক।বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় গোমস্তাপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে মোট ৩টি নৌকা অংশগ্রহণ করে। বিকেল ৩টা থেকেই চৌডালা ইসলামপুর ঘাট থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে নদীর পাড়ে মানুষের ঢল নামতে শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো মানুষ এদিন ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন। ফাইনাল খেলা চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিম। তিনি বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছে। তরুণ সমাজ মোবাইলে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন দিকে সময় নষ্ট করছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে আমরা নিয়মিত এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করবো।
দীর্ঘদিন পর মহানন্দা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নাইম ইসলাম নামে এক দর্শক বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পর মহানন্দা নদীতে এই বাইচ অনুষ্ঠিত হলো। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে।ধাইনগর ইউনিয়ন থেকে আসা আল মামুন মন্তব্য করেন, আমরা বর্তমানে ফেসবুক, ইন্টারনেট ভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়েছি। বহুদিন পর নৌকা বাইচ দেখতে গিয়ে সুন্দর একটি বিকেল কাটালাম। আমাদের মতো হাজার হাজার মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছে। তিনি বর্ষাকালে নদী ও বিলে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের দাবি জানান।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় চৌডালা দল বিজয়ী হয়। এই আয়োজনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রতি মানুষের আগ্রহ পুনরায় দৃশ্যমান হলো।