মোঃ হামিদুর রহমান সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহার সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কলেজ ছাত্রশিবির একটি হেল্প ডেক্স চালু করেছে।
কলেজ শিবিরের সভাপতি রাফিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং সেক্রেটারি আহসান হাবিবের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহায়তা, শিক্ষা উপকরণ, প্রাথমিক চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা এবং জরুরি কল সেবা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভর্তি হতে আসা শিক্ষার্থীরা হেল্প ডেক্স থেকে বিভিন্ন ধরণের সহযোগিতা পাচ্ছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, “এই ধরনের সেবা পেয়ে আমরা দারুণ খুশি। আমাদের কাগজপত্র গুছিয়ে দেওয়া, কলম ও খাবার পানি দেওয়াসহ নানা সুবিধা পাচ্ছি। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই এ উদ্যোগের জন্য।”
এ বিষয়ে কলেজ শিবিরের সভাপতি রাফিউল ইসলাম বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ভর্তি মৌসুমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ইতোমধ্যেই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে।