লতিফুল নয়ন ফারাজী, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে দেড় একর জমির ধানের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের হাজী আবদুল গনি তার মালিকানাধীন ১ একর ২৬ শতাংশ জমির মধ্যে ৬৩ শতক ২০১৯ সালে ছোট ছেলে তারেকের নামে দানপত্র করেন। বাকি জমি নিজের নামে রেখে একই গ্রামের শহিদুর রহমান (পিতা আলম বাদশা), জাবেদ আলী (পিতা দেওয়ান আলী) ও আবদুল মজিদ (পিতা মৃত ছবেদ আলী)-এর কাছে মোট ৫ লাখ ৪০ হাজার টাকায় নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ধক নামা পত্র স্বাক্ষর করে । তারা সে অনুযায়ী জমি চাষাবাদ করে আসছিলেন।
পরে আবদুল গনি সেই জমিসহ আরও কিছু অংশ তার স্ত্রী ও কন্যার নামে দানপত্র করে দেন। এর পর থেকেই পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ শুরু হয়। অভিযোগ রয়েছে, চলতি বছরের ২০ আগস্ট তার মেয়ের জামাতা ফারুক মিয়া বন্ধকি টাকা ফেরত না দিয়ে জমি দখলের চেষ্টা করেন। বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আদালতের পরামর্শে মামলা চলমান রাখে।
এরই মধ্যে বন্ধকি মালিকরা চলতি মৌসুমে আমন ধান আবাদ করেন। ধানে শিষ আসার পর সম্প্রতি রাতের আঁধারে জমিতে বিষ প্রয়োগ করে ফসল সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়। এতে প্রায় দেড় একর জমির ধান একেবারে বিনষ্ট হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জমি বন্ধক রাখার বিষয়টি স্বীকার করে হাজী আবদুল গনি বলেন, “জমি বিক্রি করে টাকা ফেরত দেব।” তবে তার জামাতা ফারুক মিয়া বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার বজরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই নাজমুল হক বলেন, “ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকার কৃষক সমাজে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।