নাদিম হাসান আশুলিয়া
আশুলিয়ার গাজীরচট এলাকায় ঢাকা জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদের নির্বাচনী উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় গাজীরচট সোনিয়া মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক ও ঢাকা–১৯ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। সঞ্চালনা করেন আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হালিম মাষ্টার।
বক্তব্যে প্রধান অতিথি বিগত স্বৈরাচার আমলে রাজনৈতিক আক্রোশের শিকার হওয়া নেতা–কর্মীদের নির্যাতন, আন্দোলন–সংগ্রামের ইতিহাস এবং জুলাই অভ্যুত্থানে দলের ভূমিকা তুলে ধরেন। তিনি আগামীর ‘জনতার বাংলাদেশ’ গড়ার গুরুত্ব ব্যাখ্যা করে দলীয় প্রতীক ট্রাক মার্কায় ভোট ও সমর্থন চান। পাশাপাশি নেতা–কর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে প্রার্থী ফরহাদ গণসংযোগ করেন। এতে ঢাকা জেলা, সাভার উপজেলা, আশুলিয়া থানা, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।