মোঃ আবদুল্লাহ আল-মামুন বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছাবের মিয়া পাড়া সংলগ্ন নদীর মাঝামাঝি অংশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তে নিকটবর্তী থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মৃত ব্যক্তির ছবি স্থানীয়ভাবে প্রচারের প্রস্তুতিও চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা কেউ এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করলেও, অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখছেন। পুলিশ বলছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।