মোহাম্মদ নজরুল ইসলাম খোকন
বিবিসি মিডিয়া অ্যাকশন ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের যৌথ উদ্যোগে “আবহাওয়া, জলবায়ু এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা” শীর্ষক একদিনব্যাপী পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক কৃষিবিদ ড. আবু তালহা। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন।বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের উপপরিচালক নিজাম উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আল আমিন, কান্ট্রি ডিরেক্টর, বিবিসি মিডিয়া অ্যাকশন।
স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের সহকারী পরিচালক সরওয়ার আকবর। অনুষ্ঠানে মাহমুদ আলম চৌধুরী, ট্রেনিং অ্যান্ড রিসার্চ অফিসার, বিবিসি মিডিয়া অ্যাকশন, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরামর্শক সভায় জেলার নয়টি উপজেলা থেকে মোট ৩২ জন শিক্ষক, ইমাম, খতিব ও স্থানীয় প্রতিনিধি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি টিওটি (Training of Trainers) প্রশিক্ষণ হিসেবে পরিচালিত হয়। প্রশিক্ষণপ্রাপ্ত পরবর্তীতে নিজ নিজ কর্মস্থলে অনুরূপ কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে সভায় জানানো হয়।