বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
মানুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চুল ও দাড়ি যা ব্যক্তিত্বকে শাণিত করে এবং রুচির প্রতিফলন ঘটায়। যুগে যুগে এই চুল-দাড়ি পরিচর্যার কারিগর নরসুন্দরদের ছিলো ব্যাপক কদর। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে আজ গ্রামীণ জীবনের সেই ঐতিহ্যবাহী পেশা ক্রমেই বিলুপ্তির পথে। একসময় হাট-বাজারের বটগাছের নিচে, খেয়াঘাটে বা গ্রামবাংলার ইট-পিঁড়িতে বসে নরসুন্দরদের চুল ও দাড়ি কাটার দৃশ্য ছিলো এক পরিচিত চিত্র। নাপিতের হাঁটুর কাছে মাথা পেতে দিয়ে চুল কাটানোর সেই স্মৃতি এখন কেবল গল্পে-গাথায়। আধুনিক সেলুন আর বিউটি পার্লারের দখলে চলে গেছে সেই পেশার জায়গা।
বর্তমানে হাতে গোনা কয়েকজন নরসুন্দর এখনো পুরোনো প্রথা আঁকড়ে ধরে আছেন। আয় কম, সুযোগ-সুবিধার অভাব, আর সমাজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন। তবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিছু সাপ্তাহিক হাট-বাজারে এখনো নিভে যাওয়া প্রদীপের মতো টিকে আছেন কয়েকজন মেঠো নরসুন্দর, যারা অতীতের ঐতিহ্য ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন।ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ওয়াব্দাবাজার এলাকার প্রবীণ নরসুন্দর ধীরেন রায় জানান, বয়স এখন প্রায় ৮০। ছোটবেলা থেকেই হাট-বাজারে ঘুরে চুল-দাড়ি কামানোর কাজ করছি। এখনো পিঁড়িতে বসে কাজ করি। সাপ্তাহিক হাটের দিনে আয় হয় ৩০০-৪০০ টাকা, অন্যদিন ২০০-৩০০ টাকার মতো। প্রতি জনের চুল কাটার দাম ৩০ থেকে ৪০ টাকা। বড় আয়না ঝুলানো দোকান দিতে পারিনি, তাই এখনো রাস্তায় বসেই জীবিকা নির্বাহ করছি। একই গ্রামের রতন শীল (৪০) বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে বিভিন্ন হাটে-ঘাটে যেতাম, তখন থেকেই এই কাজ শিখেছি। এখন প্রতিদিন ফুলবাড়ী উপজেলার ওয়াব্দাবাজার এলাকায় সড়কের পাশে ফুটপাতে বসে কয়েকজন মিলে কাজ করি।
এক সময় সমাজে নরসুন্দরদের গুরুত্ব ছিল অপরিসীম। সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনে তাদের প্রয়োজনীয়তা ছিল সর্বত্র। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের জীবনধারা ও রুচি। এখন সেলুন ও পার্লার সংস্কৃতির ভিড়ে হারিয়ে যাচ্ছে সেই পিঁড়িতে বসে চুলকাটার সহজ, ঐতিহ্যবাহী দিনগুলো।তবুও কিছু মানুষ আজও ধরে রেখেছেন অতীতের সেই চেনা রীতিকে পিঁড়িতে বসে, হাতে পুরোনো কাঁচি আর রেজর নিয়ে, সৎ পরিশ্রমে জীবিকা চালিয়ে যাচ্ছেন তারা। তাদের এই লড়াই শুধু জীবিকার নয়, বরং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখার এক নিরব সংগ্রাম।