ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় আমতলীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জিওব্যাগ ভরাটের কাজ বন্ধ করলো (পাউবো)

মোঃ আসাদুজ্জামান
বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী এলাকায় তাফালবাড়িয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে জিওব্যাগ ভরাটের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজটি বন্ধ করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করে শুধু বালু দিয়ে জিওব্যাগ ভর্তি করছিলেন। জিওব্যাগ তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাউবো কাজ বন্ধের নির্দেশ দেয়।
ইউপি সদস্য আবু জাফর ও স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার মো. মনীরুজ্জামান টিটু বালুর সাথে প্রয়োজনীয় সিমেন্টের মিশ্রণ ছাড়াই জিওব্যাগ তৈরি করছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, গত ৩০ বছর ধরে এই বাঁধটি বারবার ভেঙে যাচ্ছে এবং প্রতিবার ভাঙনে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও ২০২২ সালে পাউবো ভাঙন রোধে জিওব্যাগ ফেলেছিল, কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে সেগুলো সরে গিয়ে আবারও ভাঙনের সৃষ্টি হয়। পাউবোর কর্মকর্তারা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজের অনিয়ম দেখতে পেয়ে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন। বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অনিয়মের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ বাঁধের দুর্বলতার কারণে তারা আবারও বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে।

