
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজার জেলার টেকনাফে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক সহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা চালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। তাঁদের মধ্যে ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মো. সেলিমের ছেলে এবং ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মো. সৈয়দ নুরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায় এবং ঘটনা স্থলেই চালক সহ দু’জন নিহত হন।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুজনের লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।