
বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে না পারলেও মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চোরাকারবারীরা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পশ্চিম রামখানা এলাকায় টহলদল অবস্থান নিয়ে অভিযান চালায়। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলো শনাক্ত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।